জনপ্রিয় বাংলা ছবির সযত্ন সন্ধানে তালমার রোমিও জুলিয়েট

তালমা কোথায়? যাদবপুর এইট বি থেকে দমদম বিমানবন্দর, হাওড়া স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত বাংলা সিনেমার যে পরিচিত প্রেক্ষাপটে চরিত্রগুলো ঘোরাফেরা করে, তালমা সেখান থেকে অনেক দূরে।

তালমার

‘শিক্ষিত, রুচিশীল দর্শকের জন্য ছবি বানিয়েছেন অমুক।’

‘তমুকের ছবি গ্রামের দিকে দারুণ চলে।’

‘বহুদিন পরে শিক্ষিত মধ্যবিত্তের জন্যে বাংলা ছবি করেছেন অমুক।’

‘তমুক জানেন গ্রামের দর্শককে কীভাবে হলে আনতে হয়।’

‘শহরের দর্শকের পালস অমুক যেমন ধরতে পারেন, আর কেউ পারে না।’

এই কথাগুলো এবং এই জাতীয় আরও অনেক ক্ষতিকর এবং/অথবা মিথ্যা বুলি পরম সন্তোষে প্রায় বিশ বছর ধরে আওড়ানোর পর আমরা এতদিনে টের পেয়েছি – বাংলা ছবি বলে যে জিনিসটা ছিল, সেটাকে অন্তর্জলি যাত্রায় পাঠানো হয়ে গেছে। টালিগঞ্জের মাত্রাছাড়া তোলাবাজি আর পেশিশক্তি হাজির হয়েছে ডোম হয়ে; মাল্টিপ্লেক্সের দুর্মূল্য টিকিট আর সারা পৃথিবীর ‘কনটেন্ট’ দেখার জন্যে সুলভ স্মার্টফোন এসেছে শাস্ত্র মতে প্রায়শ্চিত্ত করে মৃত্যু নিশ্চিত করার পুরুতঠাকুর হিসাবে। সেকালে নদীর ধারে শায়িত মানুষটার নাভিশ্বাস উঠতে দেখে তারই আত্মীয় পরিজন যেভাবে পরমানন্দে খোল করতাল বাজিয়ে মৃত্যু ত্বরান্বিত করত, সেভাবে পশ্চিমবাংলার সিনেমার তথাকথিত জনপ্রিয় পরিচালক, অভিনেতা প্রমুখ এখনো ফেলুদা-ব্যোমকেশ-একেন-সোনাদা আর রিমেক নিয়ে মেতে আছেন। অনেকে আবার নাকটাকে আকাশের দিকে তুলে আশা করছেন যে সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল স্বর্গ থেকে তাঁদের সিনেমা বৈঠক ছেড়ে নেমে এসে বাংলা ছবিকে বাঁচাবেন। আশার কথা হল, বাঙালি সংস্কৃতির এই ধাপার মাঠে দাঁড়িয়েও শহর, গ্রাম, ধনী, গরিব নির্বিশেষে দেখবে এবং ভাল লাগবে – এমন বড় পর্দার ছবি বা ওটিটি কনটেন্ট বানানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন গুটিকতক শিল্পী। তেমনই কয়েকজন মিলে উইলিয়ম শেক্সপিয়রের কাছে হাত পেতে নিয়ে এসেছেন তালমার রোমিও জুলিয়েট। সকলেই তো আর মজা দেখে না বা উদাসীন থাকে না, কেউ কেউ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সাহায্য নিয়ে মুমূর্ষুর প্রাণ বাঁচানোর চেষ্টাও করে। কতটা পারলেন আর কতটা ব্যর্থ হলেন তা নিয়ে আমরা এখানে আলোচনা করব। দর্শকরা তো রায় দেবেনই।

তালমা কোথায়? যাদবপুর এইট বি থেকে দমদম বিমানবন্দর, হাওড়া স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত বাংলা সিনেমার যে পরিচিত প্রেক্ষাপটে চরিত্রগুলো ঘোরাফেরা করে, তালমা সেখান থেকে অনেক দূরে। হইচই প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজের সৃজন নির্দেশক অনির্বাণ ভট্টাচার্য এর আগে একক নির্দেশনায় শেক্সপিয়রেরই আরেক বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ স্বীকরণ করে তৈরি করেছিলেন মন্দার (২০২১)। সেখানেও বাঙালি সংস্কৃতির চেনা এলাকা ছাড়িয়ে তিনি দর্শককে নিয়ে গিয়েছিলেন গেইলপুর নামে সমুদ্র তীরবর্তী এক মফস্বলে। জায়গাটা দারুণ জীবন্ত হলেও নামটা ছিল কাল্পনিক। এখানে কিন্তু পরিচালক অর্পণ গড়াই, অনির্বাণ আর চিত্রনাট্যকার দুর্বার শর্মা জলপাইগুড়ি জেলার এক সত্যিকারের জনপদে নিয়ে ফেলেছেন শেক্সপিয়রের চিরকালীন প্রেমের আখ্যানকে। আমরা তালমা চিনি না, কারণ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি শিশিরবিন্দু দেখা আমাদের স্বভাব নয়। উত্তরবঙ্গ আমাদের কাছে বেড়াতে যাওয়ার জায়গা। উত্তরবঙ্গ মানেই পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, মেঘ। অথচ তালমার রোমিও রানা আর জুলিয়েট জাহানারা কিন্তু তাদের শেক্সপিয়র নির্ধারিত চিরবিচ্ছেদের মাত্র কয়েক ঘন্টা আগে প্রথমবার পাহাড়ে যায়। গেইলপুরের চরিত্রগুলোর ভাষা যেমন কলকাতার বাংলা নয়, তালমার ভাষাও তেমন কলকাতার তথাকথিত মান্য বাংলা নয়। তালমা স্রেফ শুটিংয়ের জায়গা নয় এই ওয়েব সিরিজে। এই গল্প একান্ত তালমার, সেখানকার মানুষের। ভুয়ো আধার কার্ড, বেআইনি অস্ত্র, ভেড়ুয়া পুলিস আর তোলাবাজির রাজনীতি সমেত। সেই কারণেই ৪০০ বছর আগেকার ইংরেজ নাট্যকারের ইতালি থেকে আমদানি করা আখ্যান আমাদের তালমার সঙ্গে দিব্যি মানিয়ে যায়। যা একান্ত ব্যক্তিগত, তা-ই তো সর্বজনীন।

বস্তুত গেইলপুরের চেয়ে তালমা আরও জলজ্যান্ত। অতিকায় ট্র্যাজেডির ধারা মেনে এখানে মজুমদার বেকারীর মালিকদের বাড়ির ছোট ছেলে, ফুটবলার এবং ‘লুচ্চা’ রানা (দেবদত্ত রাহা) আর চৌধুরী বাড়ির আদুরে বড় মেয়ে জাহানারা (হিয়া রায়) আছে। দুর্ধর্ষ খলনায়ক মোস্তাক (অনির্বাণ) আছে। পুরনো শত্রুতায় পুড়তে থাকা মজুমদার বাড়ির কর্তা বাদল (কমলেশ্বর মুখোপাধ্যায়) আর চৌধুরী বাড়ির কর্তা লিয়াকত (জয়দীপ মুখার্জি) আছে। শেক্সপিয়রের টাইবল্টের জায়গা নেওয়া মোস্তাকের বিপরীতে বেনভোলিওর স্থানে আছে রানার দাদা সোমনাথ (অনুজয় চট্টোপাধ্যায়)। আছে সুযোগসন্ধানী পুলিস ইন্সপেক্টর সামন্ত (দেবদাস ঘোষ)। কিন্তু পাশাপাশি আছে সাধারণত্ব ছাড়া বিন্দুমাত্র অসাধারণত্ব নেই এমন অনেকে। যেমন শেক্সপিয়রের রোমিওর ঘনিষ্ঠ মার্কুশিওর মত রানার বন্ধু পাপাই (উজান চ্যাটার্জি) আর দীপ (শিলাদিত্য চ্যাটার্জি)। অমিতাভ বচ্চন, সলমান খান, রোনাল্ডো, জিদানের মধ্যে রবীন্দ্রনাথের ছবি লাগিয়ে রাখা সেলুন মালিক টান্টু (রাজু ধর)। আছে সোমনাথের বাল্যবন্ধু তপন (দুর্বার), যার ট্র্যাভেল এজেন্সির ব্যবসা কিছুতেই সুবিধা করতে পারে না, প্রথমবার কাটা বন্দুক চালাতে গিয়ে যে ঘেমে চান হয়। কিন্তু সোমনাথের মাথায় মোস্তাক বন্দুক ধরলে যার পালটা বন্দুক তাক করতে হাত কাঁপে না। আর আছে রানার স্নেহশীল বৌদি মৌসুমি (পায়েল দে), যার অসাধারণ সাধারণত্ব আখ্যানের মোড় ঘুরিয়ে দেয়।

তালমায় আরও আছে ফাইনালে জিতলে নগদ টাকার সঙ্গে খাসি পুরস্কার আর হারলে কিছু কম টাকার সঙ্গে মুরগি পুরস্কার দেওয়ার ফুটবল টুর্নামেন্ট, ধন্যি মেয়ে (১৯৭১) ছবির সুখেন দাসের কথা মনে করিয়ে দেওয়া ঘোষক ও ধারাভাষ্যকার। আর আছে আজব উচ্চারণে হিন্দি, বাংলা, এমনকি রবীন্দ্রসঙ্গীতের লাইন মিশিয়ে চকড়া বকড়া কোট পরা ঘোষক সমেত, জীবনের ঝুঁকি নিয়ে দেখানো নানারকম ভেলকির সান্ধ্য বিনোদন। উত্তরবঙ্গের এমন মফস্বল আর এইরকম চরিত্রের দেখা পেয়েছিলাম বছর চারেক আগে সাহিত্যিক এণাক্ষী রায়ের সুখেন মুর্মুর চদরবদর গল্প সংকলনে। কিন্তু বাংলা সিনেমা, ওয়েব সিরিজের পর্দায় এদের দেখা পাওয়া যায় না। সবার দেখার মত কনটেন্টের সন্ধানে কলকাতা ছেড়ে এই বেরিয়ে পড়া তালমার রোমিও জুলিয়েট সিরিজের বড় গুণ। সাম্প্রতিককালে এই গুণ আমরা দেখেছি প্রদীপ্ত ভট্টাচার্যের ওয়েব সিরিজ বিরহী (২০২১-২৩), প্রসূন চ্যাটার্জির দোস্তজী (২০২১) ছবির মত কিছু প্রয়াসে। সময় চলে যায়, মানুষ থাকে না। কিন্তু বলার মত গল্পগুলো থেকে যায়। সে গল্প খুঁজে পাওয়ার চোখ থাকা চাই। অর্পণ-দুর্বার-অনির্বাণ সেই চোখের প্রমাণ দিয়েছেন।

অনুরাগ কাশ্যপ এক সাক্ষাৎকারে বলেছিলেন, বলিউডি সিনেমা বাস্তবের থেকে দূরে সরে যায় একেবারে সিনেমা তৈরির সময়েই। আউটডোর শুটিং করতে গিয়ে ধুলোমাখা রাস্তা পেলে আগে জল দিয়ে সেই রাস্তা ধোয়া হয়। ওই নকল রাস্তায় আর আসল সিনেমা হবে কোত্থেকে? এই বানানো পরিচ্ছন্নতাকে সৌমিক হালদারের ক্যামেরার ধারেকাছে ঘেঁষতে দেননি অর্পণ-অনির্বাণ। খাসির মাংসের দোকানের সাইনবোর্ডের ভুল বানান থেকে শুরু করে দোলের দিন রুপোলি রং মেখে ভূত ছেলে পর্যন্ত সবকিছুই তালমার রোজকার জীবনের একেকটা খণ্ড, তার বেশি কিছু নয়। সৌমিক তাঁর স্বভাবসিদ্ধ শৈল্পিকতায় ধ্বংসের পর শূন্য হয়ে যাওয়া নদীর কোলে কাত হওয়া নৌকো থেকে শুরু করে বিচ্ছেদকালীন সন্ধ্যার আকাশ, বাইসাইকেল কিকে গোলের উত্তেজক মুহূর্ত থেকে প্রতিশোধের তাড়নায় ছুটে বেড়ানোর ঠিক আগে বৌদ্ধমঠের প্রশান্তি ধরেছেন নিখুঁতভাবে। কিন্তু কখনো মনে হয় না এসব বানানো। ট্র্যাজেডির অনিবার্যতা যেন ভর করে সৌমিকের ক্যামেরায়।

রোমিও আর জুলিয়েটের আখ্যান ট্র্যাজেডি বটে, কিন্তু শেক্সপিয়রের অন্যান্য ট্র্যাজেডির সঙ্গে এই আখ্যানের এক বড় তফাত হল নিখাদ রোম্যান্টিকতা। ম্যাকবেথ, হ্যামলেট বা জুলিয়াস সিজার নাটকের মত ক্ষমতার লোভ, নিষিদ্ধ যৌনতা, অপরাধবোধ ইত্যাদি কিন্তু এই আখ্যানের চালিকা শক্তি নয়। যদিও এর সবগুলোই এই আখ্যানেও আছে। ফলে অর্পণদের এত আয়োজন মাটি হয়ে যেত রানা আর জাহানারার প্রেমের তীব্রতায় ঘাটতি থাকলে। নবাগত দেবদত্ত আর হিয়া তা হতে দেননি। দুর্বারের চিত্রনাট্যের গুণ এইখানে যে, ট্র্যাজিক জুটির জন্য এক বুক আবেগ বজায় রেখেও একবিংশ শতাব্দীর ইনস্টারিল প্রজন্মের প্রেমে যে দায়িত্ববোধের অভাব, দেখনদারির প্রাবল্য ঢুকে পড়েছে তার এক ধরনের সমালোচনা লিপিবদ্ধ করা হয়েছে। রানা সেই কারণে শেক্সপিয়রের রোমিওর চেয়েও মানসিকভাবে দুর্বল। সে যতখানি আবেগপ্রবণ প্রেমিক, ততখানি সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ নয়। দেবদত্ত চরিত্রের এই দুটো দিক চমৎকার দক্ষতায় তুলে ধরেছেন। বেশ কয়েকদিন বাড়ি থেকে পালিয়ে থাকার পরে বৌদির স্নেহের ছোঁয়া পেয়ে ভেউ ভেউ করে কেঁদে ফেলার দৃশ্যে আদৌ মনে হয়নি তিনি অভিনয় করছেন। অমন অভিনয় আজকাল সুলভ নয়।

হিয়ার প্রথম শক্তি হল তাঁর সৌন্দর্য। শেক্সপিয়রের রোমিও যখন জুলিয়েটকে বিখ্যাত ব্যালকনির দৃশ্যে দেখে, তখন তার মনে হয়েছিল ওদিকটা পূর্বদিক এবং জুলিয়েট হল সূর্য। তাঁকে চাঁদ হিংসা করছে। স্বর্গের সবচেয়ে উজ্জ্বল দুই তারা জুলিয়েটের চোখের মণি হয়ে বসেছে। দিনের আলো যেভাবে লণ্ঠনকে লজ্জা দেয়, সেভাবেই তার প্রোজ্জ্বল গাল লজ্জিত করে আকাশের তারাদের। সেই দ্বিতীয় দর্শনেই রোমিওর জুলিয়েটের হাতের দস্তানা হতে ইচ্ছে করেছিল, কারণ তাহলে তার গাল ছোঁয়া যেত। সুতরাং সুন্দর, নিষ্পাপ একখানা মুখ না থাকলে জাহানারার ট্র্যাজেডি দর্শককে ছুঁতে পারার কথা নয়। কিন্তু সুন্দর মুখই রোম্যান্টিক নায়িকা হওয়ার জন্যে যথেষ্ট নয়, ট্র্যাজেডিতে তো নয়ই। হিয়া আসল রাগ, কপট রাগ, উদ্ধত যৌনতা – সবেতেই নিজের ছাপ রাখতে পেরেছেন। তবে তাঁকে কিছুটা দুর্বল দেখিয়েছে একেবারে শেষদিকে, অবাধ্য হয়ে ওঠার মুহূর্তগুলোতে।

বরং চমকে দিয়েছেন মৌসুমির চরিত্রে পায়েল। উঁচু তারে বাঁধা নাটকীয় সিরিজে তিনি আটপৌরে গৃহবধূ হিসাবে আগাগোড়া নিচু স্বরের অভিনয় বজায় রেখেছেন। আখ্যানের এক মোক্ষম মুহূর্তে তাঁর রূপান্তর সেই কারণেই চমৎকৃত করে বেশি। বাদলের চরিত্রে কমলেশ্বর তাঁর অন্য অনেক অভিনয়ের মতই পরিমিত। এই সিরিজের ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতারাও যথাযথ। তবে চরিত্রের সঙ্গে দারুণ মানানসই চেহারা সত্ত্বেও লিয়াকতের চরিত্রে জয়দীপকে কিঞ্চিৎ দুর্বল লাগে। তালমার যে বাংলা উচ্চারণে অন্য সকলেই স্বচ্ছন্দ, তাতে তিনি ঠিক মানিয়ে নিতে পেরেছেন বলে মনে হয় না।

পার্শ্বচরিত্রে অভিনয় করলেও, দুজন অভিনেতা যতক্ষণ পর্দায় থাকেন, চোখ ফেরানো যায় না। একজন সিদ্দিকীর চরিত্রে বুদ্ধদেব, অন্যজন তপনের চরিত্রে দুর্বার নিজে। মাথামোটা অথচ অনুগত, প্রভুর প্রয়োজনে হিংস্র অনুচরের ভূমিকায় বুদ্ধদেব অসামান্য। তেমনি ছাপোষা, কিছুটা বোকা, বন্ধু অন্তপ্রাণ অথচ নিরীহ, ভীতু চরিত্রে দুর্বার নিখুঁত। তাঁর অভিনয় আরও অবাক করে এইজন্যে যে তাঁকে এর আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা অবলম্বনে ব্যোমকেশ ও পিঁজরাপোল (২০২৩) সিরিজে ধুরন্ধর খুনি ভুজঙ্গধরের ভূমিকায় চকচকে তলোয়ারের মত দেখিয়েছিল।

সব শেষে যাঁর কথা বলতে হয় তিনি মোস্তাক, অর্থাৎ অনির্বাণ। শেক্সপিয়র টাইবল্টকে ভীতিপ্রদ করেই এঁকেছিলেন, দুর্বারের চিত্রনাট্য তাতে এক নতুন পরত যোগ করেছে। অনির্বাণ চরিত্রের দুদিকের জমিই সমান আধিপত্যে অধিকার করেছেন, তাঁর ছায়া আখ্যানের উপরে আরও দীর্ঘ হয়েছে। মোস্তাক কখনো ভয়ানক হিংস্র, কখনো ধিকিধিকি জ্বলতে থাকা আগুন। তাঁর সংলাপগুলোর মধ্যে ‘রিল্যাক্শ, ফুল বডি রিল্যাক্শ’ সিরিজের টিজার মুক্তি পাওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু অভিনেতা অনির্বাণের জাত ঢের বেশি চেনা গেছে ‘দুনিয়ায় বাঁইচা থাকার থেকে বড় কোনো শাস্তি নাই’ বলার সময়ে, আর এমন একটি গোপন মুহূর্তে, যখন মোস্তাক অন্য মানুষ ছিল।

এইরকম কিছু মুহূর্ত, আর শেক্সপিয়রের নাটকে আসন্ন ট্র্যাজেডির ইঙ্গিত ছড়ানো সংলাপগুলোর উচ্চতা ছুঁয়ে ফেলার মত কিছু সংলাপের জন্য বলতেই হচ্ছে যে এই সিরিজের সবচেয়ে বড় শক্তি এর চিত্রনাট্য। আজকের দিনে দাঁড়িয়ে দুই ধর্মের প্রেমিক-প্রেমিকার রক্তাক্ত ট্র্যাজেডি নিয়ে ওয়েব সিরিজ তৈরি করা হল অথচ সাম্প্রদায়িক স্টিরিওটাইপ ভেঙে দেওয়া হল – এও বড় কম কথা নয়। একথা ঠিক যে তালমার রাজনৈতিক দখল নিয়ে মজুমদার আর চৌধুরী পরিবারের রেষারেষি কিছুটা অস্পষ্ট রয়ে গেছে। ফলে রানার দাদা সোমনাথ কেন পকেটের টাকা খরচ করে পরোপকার করে বেড়ায় তারও একটামাত্র সংলাপ ছাড়া সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। জাহানারার বোন শাহীনের চরিত্রটাও না থাকলে কিছু ক্ষতিবৃদ্ধি হত না। তবু বলতেই হবে যে এ এমন এক স্বীকরণ যা মূল আখ্যানে কিছু যোগ করতে পেরেছে। চারশো বছরে যুগ এত বদলে গেছে যে মৃত্যু আজ করুণতম ট্র্যাজেডি নয় – এই নিদারুণ সত্য তুলে ধরেছে তালমার রোমিও জুলিয়েট।

এই বিরাট কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রাঞ্জল বিশ্বাস, দেবরাজ ভট্টাচার্য, দেবায়ন ব্যানার্জি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তীর গাওয়া গানগুলো। ইদানীং শোনার বহুক্ষণ পরেও গুনগুন করে গাইতে ইচ্ছে হয় এমন বাংলা গান খুঁজে পাওয়া ভার। একই সিরিজে সেরকম গোটা তিনেক গান উপহার দেওয়ার জন্যও সুরকার দেবরাজ ও বলরাম কংসবণিক এবং গীতিকার অনির্বাণ, অনির্বাণ সেনগুপ্ত, নীলাঞ্জন ঘোষালদের প্রশংসা প্রাপ্য। শুরুতেই ট্র্যাজেডির বিষাদ ছড়িয়ে দিতে হেমাঙ্গ বিশ্বাস রচিত গানের ব্যবহারও সার্থক।

সিরিজটা সফল হয়েছে না ব্যর্থ, তা ঠিক করবে জনতা জনার্দন আর মহাকাল। কিন্তু জনপ্রিয় বাংলা ছবি, ওয়েব সিরিজের জন্য এঁদের সন্ধানে যে যত্নের ছাপ দেখা গেছে তা তৃপ্তিদায়ক। অন্য কোনো যুগে হয়ত নির্মাতারা সাহস করে এ জিনিস বড় পর্দার জন্যেই করতে পারতেন। তেমন রসদ এতে আছে।

নাগরিক ডট নেট ওয়েবসাইটে প্রকাশিত

Author: Pratik

সাংবাদিক, লেখক। কাজ করেছেন দ্য টাইমস অফ ইন্ডিয়া, ডেকান ক্রনিকল, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান এবং অধুনালুপ্ত দ্য বেঙ্গল পোস্টে। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট ও কাগজে লেখালিখি করেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়।

2 thoughts on “জনপ্রিয় বাংলা ছবির সযত্ন সন্ধানে তালমার রোমিও জুলিয়েট”

Leave a Reply

Discover more from amarlikhon

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading