ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের যুগে আম্পায়ারদের ডিকি বার্ড, ডেভিড শেপার্ড বা সাইমন টফেলের মত পরম শ্রদ্ধেয় হয়ে ওঠার সুযোগ কমে গেছে। পড়ে আছে কুখ্যাত হওয়ার সুযোগ। কারণ আজকাল রান আউট বা স্টাম্প আউটের ক্ষেত্রে খুব সহজ সিদ্ধান্তের ক্ষেত্রেও মাঠের আম্পায়াররা নিজে সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি নেন না, ঠান্ডা ঘরে বসা টিভি আম্পায়ারের হাতেই ব্যাপারটা ছেড়ে দেন। শ্যেনদৃষ্টির একাধিক ক্যামেরা আর অত্যাধুনিক প্রযুক্তির কারণে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিংয়ের মত পরিশ্রমসাধ্য কাজ এখন আগের চেয়েও বেশি প্রশংসাহীন। সঠিক সিদ্ধান্তের জন্যে বড় একটা কেউ প্রশংসা করবে না, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে সমালোচনার বন্যা বয়ে যাবে ধারাভাষ্যকারদের বক্স থেকে সোশাল মিডিয়া পর্যন্ত। কারণ দুনিয়া সুদ্ধ লোক কয়েক সেকেন্ডের মধ্যেই স্বচক্ষে, স্বকর্ণে জেনে ফেলবে যে সিদ্ধান্তটা ভুল ছিল। যদি ক্ষতিগ্রস্ত দল রিভিউ করে আর টিভি আম্পায়ার সিদ্ধান্ত বদলে দেন, তাহলে তো কথাই নেই। এমনটা এক ম্যাচে একাধিকবার ঘটে গেলেই বলাবলি, লেখালিখি শুরু হয়ে যাবে – এই আম্পায়ারটা ফালতু। ক্রিকেট লাভজনক ব্যবসা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আম্পায়ারদের পারিশ্রমিক অনেক বেড়েছে। আজকের নীতিন মেননরা যা পারিশ্রমিক পান তা প্রয়াত বার্ড কোনোদিন পাননি। কিন্তু সেকথা তো ক্রিকেটারদের ক্ষেত্রেও সত্যি। বিরাট কোহলি যা রোজগার করেন তা কি সুনীল গাভস্কর তাঁর খেলোয়াড় জীবনে স্বপ্নেও ভাবতে পারতেন? দুঃখের বিষয়, ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সম্মান কমেনি, যা হয়েছে আম্পায়ারদের ক্ষেত্রে। আগে কুখ্যাত আম্পায়াররা ছিলেন ব্যতিক্রম এবং কুখ্যাতির কারণ কখনোই ভুল সিদ্ধান্ত হত না। হত আম্পায়ারের পক্ষে মানানসই নয় এমন কোনো আচরণ। তৃতীয় আম্পায়ার (অধুনা টিভি আম্পায়ার বলাই দস্তুর) এসে যাওয়ার পরে মাঠের আম্পায়াররা পান থেকে চুন খসলেই খলনায়ক হয়ে যান।
ইউটিউবের কিছু চ্যানেল বা সোশাল মিডিয়া এক্সের কিছু হ্যান্ডেলের পুরনো খেলার পোস্ট দেখলে পরিষ্কার বোঝা যায়, আজকাল মাঠের আম্পায়াররা কিন্তু আগের চেয়ে অনেক কম ভুল করেন। তৃতীয় আম্পায়ার চালু হওয়ার আগের যুগে, এমনকি তারপরেও এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যাবে। যে দেশে খেলা হত সেই দেশের আম্পায়াররা যেসব সিদ্ধান্ত নিতেন তা অনেক ক্ষেত্রেই পক্ষপাতদুষ্ট বলে মনে হত, এখন সেসব ভিডিও ফিরে দেখলে আর সন্দেহ থাকে না। শ্রীলঙ্কার আম্পায়াররা ইংল্যান্ডের বিরুদ্ধে একটা সিরিজে তেমন সিদ্ধান্তের বন্যা বইয়ে দিয়েছিলেন। সনৎ জয়সূর্যের লেগ স্টাম্পের অনেক বাইরে পিচ পড়া বলে অ্যালেক স্টুয়ার্টকে এলবিডব্লিউ দেওয়া হয়েছে, তিনি আক্ষরিক অর্থে হাঁ হয়ে গেছেন। নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের একটা ম্যাচে আবার বোলার, উইকেটরক্ষক কেউ কোনো আবেদন না করা সত্ত্বেও আম্পায়ার ব্যাটারকে আউট দিয়ে দিয়েছিলেন। বল যদিও ব্যাটের ধারে কাছে আসেনি। ভারত বনাম শ্রীলঙ্কার একটা একদিনের ম্যাচে তো আম্পায়ার চমৎকার কাণ্ড করেছিলেন। অজয় জাদেজা অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালালেন এবং ফস্কালেন। কেউ কোনো আবেদন করার আগেই আম্পায়ার ডান হাতের তর্জনী আকাশে তুলে দিলেন। তা দেখে শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাস আরম্ভ করতে যেতেই তিনি আঙুল নামিয়ে নিজের টুপিটা ধরে ফেললেন। অর্থাৎ নট আউট, উনি টুপি ধরার জন্যেই আঙুল তুলেছিলেন। এমন সব কাণ্ড ঘটত বলেই আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ টেস্ট ম্যাচে দুই আম্পায়ারই নিরপেক্ষ দেশের হবেন, একদিনের ম্যাচে মাত্র একজন আয়োজক দেশের হবেন – এইসব নিয়ম চালু করতে হয়েছিল। প্রযুক্তির উন্নতির সুযোগ নিয়ে তৃতীয় আম্পায়ার রাখার সিদ্ধান্ত কিন্তু হয়েছিল মাঠের আম্পায়ারদের সৎ ভুলগুলো শোধরানোর জন্যেই। তাই ১৯৯২-৯৩ মরশুমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে যখন প্রথমবার তৃতীয় আম্পায়ার কাজ শুরু করেন, তখন তাঁকে অনেক ছোট গণ্ডির মধ্যে কাজ করতে হত।
এখনকার মত যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই তাঁর মত চাওয়া যেত না। খেলোয়াড়রা তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন জানাতেও পারতেন না। ব্যাপারটা সম্পূর্ণ মাঠের আম্পায়ারদের আয়ত্তে ছিল।
সেই যুগে বা তারও আগে ক্রিকেট খেলায় যখন আদৌ তৃতীয় আম্পায়ার ছিল না, তখন কিন্তু খেলোয়াড়দের কাছে আম্পায়ারদের সম্মান ছিল আকাশছোঁয়া। ১৯৮৭ সালে পাকিস্তানের আম্পায়ার শাকুর রানা যেমন পায়ে পা দিয়ে ঝগড়া করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিংয়ের সঙ্গে, অথবা প্রবল নাক উঁচু (এবং সম্ভবত বর্ণবিদ্বেষী) ড্যারেল হেয়ার যেভাবে বেমক্কা পাকিস্তানকে বল বিকৃতিতে অভিযুক্ত করেছিলেন ২০০৬ সালে, তেমনটা না ঘটলে খেলোয়াড়রা আম্পায়ারদের ডাহা ভুল সিদ্ধান্তও মেনে নিতেন। সাময়িক উত্তেজনার বশে কখনো বাড়াবাড়ি করা হয়ে গেলেও দলের অন্যরা সামলে নিতেন। যেমন গাভস্করের মত ঠান্ডা মাথার লোকও ১৯৮১ সালে মেলবোর্ন টেস্টে এলবিডব্লিউ হওয়ার পর রেগে গিয়ে পার্টনার চেতন চৌহানকে মাঠ থেকে বার করে আনতে চেয়েছিলেন। কিন্তু সীমানা পেরোবার আগেই ভারতীয় দলের ম্যানেজার শাহীদ দুরানি আর বাপু নাদকার্নি গাভস্করকে শান্ত করে চেতনকে ফেরত পাঠান। গাভস্কর অবশ্য পরে বলেছেন তিনি ভুল আউট দেওয়ার জন্যে আম্পায়ার রেক্স হোয়াইটহেডের উপর ততটা রাগ করেননি। চেতনকে নিয়ে একেবারে খেলা থেকেই দল প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন ডেনিস লিলির কটূক্তি সহ্য করতে না পেরে। আউটের সিদ্ধান্তটা কিন্তু সত্যিই ভুল ছিল। সিডনি মর্নিং হেরাল্ড কাগজে লেখা হয়েছিল, বল পায়ে লাগার আগে ব্যাটের লাগার শব্দ গাছের গুঁড়িতে কুড়ুল মারার মত জোরে শোনা গিয়েছিল। রানা বনাম গ্যাটিং কাণ্ডেও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড গ্যাটিংকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল, পাকিস্তানে ইংল্যান্ডের রাষ্ট্রদূত নিজে মধ্যস্থতা করেছিলেন ঝামেলা মেটাতে। এমনকি গোটা দল দেশে ফিরে যেতে চাইলেও ইংল্যান্ডের বোর্ড প্রত্যেক ক্রিকেটারকে ১০০০ পাউন্ড করে ‘হার্ডশিপ অ্যালাউয়েন্স’ দিয়ে সফর শেষ করিয়েছিল। গ্যাটিং পরে বলেছেন, তিনিও বাড়াবাড়ি করে ফেলেছিলেন।
এর সঙ্গে তুলনা করুন আজকের আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের ব্যবহার। মাঠের আম্পায়ারদের নিজেদেরই আগেকার আত্মবিশ্বাস নেই, তাঁরা প্রযুক্তি হাতে থাকতে ভুল প্রমাণিত হওয়ার ঝুঁকি যে নেন না তা তো আগেই বলেছি। উপরন্তু ক্রিকেটাররাও আর তাঁদের ততখানি শ্রদ্ধার আসনে রাখেননি। বিশেষত মহাতারকারা তো টিভি আম্পায়ারকেও আমল দেন না। স্মরণ করুন ২০২২ সালের জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার কেপ টাউন টেস্টের কথা। তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক ডীন এলগারের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দেন টিভি আম্পায়ার। কারণ হক আই দেখায় ওটা নট আউট। তার জন্যে রুষ্ট ভারত অধিনায়ক কোহলি, তাঁর পারিষদ কে এল রাহুল এবং রবিচন্দ্রন অশ্বিন স্টাম্প মাইক্রোফোন ব্যবহার করে কেবল আয়োজক দেশের নাগরিক টিভি আম্পায়ার নয়, সম্প্রচারকারী সংস্থা এবং গোটা দেশটার মানুষ সম্পর্কেই কটূক্তি করেন। সবাই মিলে নাকি ভারতীয় দলের বিরুদ্ধে একজোট হয়ে নেমেছিল।
আরও পড়ুন এরপর কি মাঠে কুস্তি লড়বেন বিরাট কোহলিরা?
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে প্রথম রান আউট হওয়া শচীন তেন্ডুলকর আর এখনকার কোহলির মাঝে যিনি ভারতীয় ক্রিকেটের এক নম্বর তারকা ছিলেন, সেই মহেন্দ্র সিং ধোনি আরও এককাঠি সরেস। ২০১৯ সালের আইপিএলে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের একটা ম্যাচে বোলারের প্রান্তের আম্পায়ার বেন স্টোকসের ফুল টসে নো-বল ডাকলেও লেগ আম্পায়ার সেই সিদ্ধান্ত খারিজ করে দেন। ধোনি, যিনি তার আগেই আউট হয়ে গেছিলেন, একেবারে পাড়ার টোক্কা ক্রিকেট প্রতিযোগিতার মত সটান মাঠে ঢুকে পড়েন সেই সিদ্ধান্তের প্রতিবাদ করতে। আম্পায়ারদের নেহাতই বেচারা দেখিয়েছিল তাঁর সামনে। অবশ্য তাঁরা নিজেদের সিদ্ধান্ত বদল করেননি।
এই দুটো ঘটনাই এই লেখার পাকা চুলের পাঠকদের যৌবনে সর্বোচ্চ স্তরের ক্রিকেটে অকল্পনীয় ছিল। অথচ তখন ভুল সিদ্ধান্তের সংখ্যা নিঃসন্দেহে বেশি ছিল, খেলোয়াড়দের আবেগ কিছুমাত্র কম ছিল না। তৃতীয় আম্পায়ার এসে পড়ার পরেও যে কত হাস্যকর ঘটনা ঘটিয়েছেন মাঠের আম্পায়াররা, তার ইয়ত্তা নেই। তবু তা নিয়ে খেলোয়াড়, বিশেষজ্ঞ, সাংবাদিক, দর্শক কাউকেই অত্যধিক উত্তেজিত হতে দেখা যেত না সচরাচর। ইডেন উদ্যানে ১৯৯৩ সালের হিরো কাপ ফাইনালের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। ওয়েস্ট ইন্ডিজের রোল্যান্ড হোল্ডার অনিল কুম্বলের বলে বোল্ড হয়ে যান। অথচ সেটা দুই আম্পায়ারের কেউ খেয়াল করেননি। এমনকি ভারতের উইকেটরক্ষক বিজয় যাদবও খেয়াল করেননি। বলটা থার্ডম্যানে চলে যাওয়ায় দুই ব্যাটার যখন রান নেওয়ার তাল করছেন, তখন ফিল্ডার মনোজ প্রভাকর বল কুড়িয়ে নিয়ে প্রশ্ন করেন – বেল পড়ে গেল কী করে? শেষমেশ টিভি আম্পায়ার শেখর চৌধুরী জানান – আসলে বোল্ড হয়েছেন হোল্ডার। ১৯৯৯ সালের অ্যাডিলেড টেস্টে শচীন তেন্ডুলকরকে অস্ট্রেলিয় আম্পায়ার ড্যারিল হার্পার কাঁধে লাগা বলে এলবিডব্লিউ দিয়েছিলেন। তা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল। কিন্তু শচীন আম্পায়ারকে দুকথা শোনাতে যাননি। তিনি এবং সৌরভ গাঙ্গুলি একসময় নিয়মিত আম্পায়ারের ভুলে আউট হতেন। ১৯৯৯ সালেই পাকিস্তানের বিরুদ্ধে অবিস্মরণীয় চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে সৌরভকে দুবার ড্রপ পড়া বলে ক্যাচ আউট দেওয়া হয়। বোলিং প্রান্তের আম্পায়ার স্টিভ ডান আর লেগ আম্পায়ার (যিনি সৌরভ বাঁ হাতি হওয়ায় তখন অফে দাঁড়িয়েছিলেন) ভি কে রামস্বামী তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়ার কথা আদৌ ভাবেননি! একে সেটা ছিল ভারত বনাম পাকিস্তান টেস্ট, তার উপর লেগ আম্পায়ার ছিলেন ভারতীয়, ভারত শচীনের অসামান্য শতরান সত্ত্বেও ম্যাচটা একটুর জন্যে হেরে যায়। তবুও আম্পায়ারদের ভুল নিয়ে ভারতীয় ক্রিকেটাররা খুব বেশি বাক্য ব্যয় করেননি। প্রাক্তনরা সমালোচনা করেছিলেন, কিন্তু তার চেয়ে অনেক বেশি কথা খরচ করা হয়েছিল শচীনের এবং পাকিস্তান দলের প্রশংসায়। চিপক স্টেডিয়ামের দর্শকরা পাকিস্তান দলকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিলেন। আম্পায়ারদের একটা ভুল নিয়ে নষ্ট করার মত সময় সাংবাদিকদেরও ছিল না।
শেষ করা যাক ২০০৭-০৮ মরশুমে ভারত বনাম অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট দিয়ে। একটা ম্যাচে অতগুলো ভুল সিদ্ধান্ত বিরল। মাঠের দুই আম্পায়ার মার্ক বেনসন আর স্টিভ বাকনর তো বটেই, এমনকি তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডও গাদা গাদা ভুল করেন। মাইকেল হাসি আর অ্যান্ড্রু সাইমন্ডস একাধিকবার আউট ছিলেন, দেওয়া হয়নি। সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটে শেষদিন। মাইকেল ক্লার্ক সৌরভের ব্যাট থেকে বেরনো বল মাটিতে পড়ে যাওয়ার পরে ধরে ক্যাচের আবেদন করেন। আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের সাহায্য না নিয়ে অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিংয়ের কথায় সৌরভকে আউট দিয়ে দেন। ধারাভাষ্যের দায়িত্বে থাকা প্রাক্তন ক্রিকেটাররা সঙ্গত কারণেই কঠোর সমালোচনা করেন আম্পায়ারদের এবং অস্ট্রেলিয় ক্রিকেটারদের। ভারত অধিনায়ক অনিল কুম্বলে সাংবাদিক সম্মেলনে এসে বলেন, এই ম্যাচে কেবল একটা দলই ক্রিকেটের সহবত অনুযায়ী খেলছিল। কিন্তু মাঠের মধ্যে একজন ভারতীয় ক্রিকেটারও আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ করেননি।
আসলে ক্রিকেটাররা তো আকাশ থেকে পড়েন না, সমাজ থেকেই উঠে আসেন। তখনকার ভারতীয় সমাজে জয়ের দাম ছিল, কিন্তু যে কোনো মূল্যে জিততে হবে – এই মনোভাব সর্বব্যাপী ছিল না। এখন চণ্ডীগড়ের মেয়র নির্বাচনেও বৈধ পথে জেতার উপায় না থাকলে বিরোধীদের ব্যালট নষ্ট করিয়ে দেওয়া হয় স্বয়ং নির্বাচনী অফিসারকে দিয়ে। এ যুগে তৃতীয় নয়নের উপরেও আস্থা না থাকাই স্বাভাবিক।
সংবাদ প্রতিদিনের রোববার পত্রিকায় প্রকাশিত

One thought on “এ যুগে তৃতীয় নয়নও জিরো”